ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝুপড়ি ঘরে পড়ে ছিল আকবরের মাথা থেঁতলানো মরদেহ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২৩
ঝুপড়ি ঘরে পড়ে ছিল আকবরের মাথা থেঁতলানো মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে নির্মাণাধীন বিল্ডিংয়ের পাশে একটি ঝুপড়ি ঘর থেকে আকবর আলী নামে এক ব্যক্তির মাথা থেঁতলে দেওয়া রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে শহরের বেলঘড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকবর আলী একই এলাকার মৃত হযরত আলীর ছেলে। 

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী জানান, আকবর আলী অসুস্থ হওয়ায় মানুষের কাছ থেকে সাহায্য তুলে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি বাড়ি থেকে বের হন। তবে দুপুরে বনবেলঘরিয়া এলাকায় একটি মসজিদের পেছনে নির্মাণাধীন এক বিল্ডিংয়ের পাশে ঝুপড়ি ঘরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

পরে তারা ঘটনাটি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা মরদেহটি আকবর আলীর বলে শনাক্ত করেন। তার পরিবারের সদস্যদের সংবাদ দিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নাটোর মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!