মানিকগঞ্জে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৪৫ জন
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৭১৪ জনে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে চলতি বছরের জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত ডেঙ্গুরোগীর সংখ্যা তিন হাজার ৭১৪ জন। আক্রান্তের মধ্যে ৪০১ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
.png)
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪৫ জনের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪০ জন। এরমধ্যে জেলা সদর হাসপাতালে ৪৫ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন এবং শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান বলেন, ডেঙ্গুরোধে সচেতনতা জরুরি। মানুষ সচেতন না হলে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। জেলার সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে, ডেঙ্গুরোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে। এছাড়া ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান তিনি।