ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রহ্মপুত্রের তীরে কাশফুলের শুভ্রতা

সাগর মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১৮:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২৩
ব্রহ্মপুত্রের তীরে কাশফুলের শুভ্রতা
ছবি: ডেইলি বাংলাদেশ

শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতা। শরৎ প্রকৃতিকে সাজিয়ে তোলে কাশফুলের অপার সৌন্দর্য দিয়ে। কাশফুল বা কাশবন পছন্দ করে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রকৃতিতে পালাবর্তনে কাশফুলের সৌন্দর্যে মানুষ ছুটে আসে কাশবনে।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের ১ কিলোমিটারজুড়ে রয়েছে কাশফুলের বিশাল সমারোহ। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে মুক্ত আনন্দ পেতে প্রতিনিয়ত মানুষ ছুটে আসছে এ কাশবনে। বিশেষ করে শেষ বিকেলের মুহূর্তে এটার সৌন্দর্য আরো অনেকগুণ বেড়ে যায়। এ কারণে বেশির ভাগ পর্যটক আসছেন বিকেলে।

সাদা শুভ্র মেঘের ঝিলিকে কাশফুলের সৌন্দর্য এক কথায় প্রকাশ করা দুষ্কর। এই সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা ঘটে কাশবনে। আগে হয়তো কাশফুল নিয়ে মানুষের মাঝে এতো মাতামাতি ছিল না। তখন শরৎ নির্দিষ্ট নিয়মে আসতো কাশফুল নির্দিষ্ট নিয়মেই ফুটতো। 

Advertisement

কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাশফুল নিয়ে মাতামাতি বেশি হচ্ছে। শরৎকালে কাশফুলের সঙ্গে ছবি তোলা এক সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। 

ছবি: ডেইলি বাংলাদেশশুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রহ্মপুত্রের তীরবর্তী এ কাশফুল বাগানের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। প্রিয়জনকে নিয়ে প্রকৃতির সঙ্গে একাকার করে দিতে হাজির হয়েছেন প্রকৃতিপ্রেমীরা। কেউ আসছেন প্রেমিক-প্রেমিকা নিয়ে, কেউ আসছেন পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে। প্রতিদিন শতশত দর্শনার্থীরা কাশবনে সেলফি বা নিজের ছবিটা ক্যামেরাবন্দি করছেন। 

উপজেলার দ্বীপেশর গ্রামের প্রকৃতিপ্রেমিক তানভীর হাসান সিয়াম জানান, মানসিক শান্তি আর কাশফুলের শুভ্রতা উপভোগ করতে এখানে ছুটে এসেছি। প্রতি বছরই এখানে কাশফুল ফোটে। 

কাশফুল দেখতে আসা মাহফুজ রাজা জানান, কাশফুল ছাড়া শরৎ পরিপূর্ণ না। ব্রহ্মপুত্রের তীরে প্রতি বছরই কাশফুল ফোটে। কিন্তু দুঃখের বিষয় অনেক পর্যটক ফুল ছিঁড়ে নিয়ে যান। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!