ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরিশাল বিভাগে সাড়ে ৮ মাসে ডেঙ্গুতে ৭২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১৬ সেপ্টেম্বর ২০২৩
বরিশাল বিভাগে সাড়ে ৮ মাসে ডেঙ্গুতে ৭২ জনের মৃত্যু
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল -ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে সাড়ে ৮ মাসে ৪৭ জন মৃত্যুসহ পুরো বিভাগে ৭২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৩৮৩ জন। বরিশাল জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার ২৮৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ময়না (৬৫) শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ দাশ।

Advertisement

এদিকে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৮৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৫৩ জন শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ৩৭ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ৪০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৬১ জন, পটুয়াখালীতে ৪৮ জন, ভোলায় ৪৪ জন, পিরোজপুরে ৬২, বরগুনায় ৭৩ ও ঝালকাঠিতে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৯ হাজার ১৭৬ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১৯ জন।

এদিকে, চলতি বছর পুরো বিভাগে ৭২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৭ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে দুইজন, বরগুনায় হাসপাতালে পাঁচজন, পটুয়াখালীতে দুইজন, পিরোজপুরের হাসপাতালে ছয়জন এবং ভোলায় হাসপাতালে সাতজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!