পেঁয়াজ প্রতি মণে ১ কেজি ‘ফাও’, ৩ ব্যাপারীকে জরিমানা
পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম পেঁয়াজের হাটে ৩ ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে কৃষি বিপণন অধিদফতর। মঙ্গলবার হাটে পেঁয়াজ কেনার সময় এসব ব্যাপারী কৃষকদের কাছ থেকে প্রতি মণে ১ কেজি ‘ফাও’ (ফ্রি) নিচ্ছেলেন। পরে তাদের এ জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যাপারীরা হলেন- মকছেদ প্রমানিক, সাইফুল ইসলাম এবং রিপন রায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা জেলার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, বনগ্রাম পেঁয়াজের হাটে কৃষি বিপণন অধিদফতরের পাবনা জেলা কর্মকর্তা তারিকুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী অভিযান চালান।
.png)
অভিযানে তারা দেখতে পান ব্যাপারীরা ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনছিলেন। এছাড়া ব্যাপারীদের আড়ত মালিককে মণপ্রতি ৬০ টাকা দিতে হয়। আবার ব্যাপারীরা কৃষকদের কাছ থেকে ৪১ কেজির বস্তায় ৪০ কেজির দাম দিচ্ছিলেন। অর্থাৎ তারা প্রতি মণে এক কেজি ফ্রি বা ‘ফাও’ নিচ্ছিলেন।
তিনি আরো জানান, কৃষকদের প্রতারিত করায় ব্যাপারী (পাইকারি বিক্রেতা) মকছেদ প্রমানিককে ২ হাজার টাকা, সাইফুল ইসলামকে ২ হাজার এবং রিপন রায়কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি বিক্রেতারা প্রতিযোগিতা করে দাম বাড়িয়ে দেওয়ায় সরকার নির্ধারিত মূল্য পেঁয়াজ বিক্রি হচ্ছে না।
অভিযানে সাঁথিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।