ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে দুই মাদক ব্যবসায়ীর ৭ বছর করে কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৮, ১৭ অক্টোবর ২০২৩
চাঁদপুরে দুই মাদক ব্যবসায়ীর ৭ বছর করে কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরে সঞ্জয় ভৌমিক (৩৪) ও মো. ফয়সাল আহম্মেদ সবুজ (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার দক্ষিণ ফতেয়াবাদ গ্রামের রতন ভৌমিকের ছেলে এবং সবুজ একই জেলার বাকলিয়া উপজেলার তুলাতুলি জামাই বাজার এলাকার মো. আলী আশরাফের ছেলে।

Advertisement

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ১৭ জুলাই বিকেলে তৎকালীন চাঁদপুর সদর মডেল থানার এসআই রাশেদুদ জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী দোকানঘর এলাকায় অভিযান চালান। এ সময় সঞ্জয়কে ২ হাজার ও সবুজকে ১ হাজার ৮শ’ ইয়াবাসহ গ্রেফতার করেন। এ ঘটনায় এসআই রাশেদুদ জামান বাদী হয়ে ওইদিন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয় চাঁদপুর সদর মডেল থানার তৎকালীন এসআই ইকবাল হোসেনকে। তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী বলেন, মামলাটি দেড় বছরের অধিক সময় চলাকালীন আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা এবং আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় এ রায় দেন আদালত। রায়ের সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন সাজ্জাদ হৃদয় ও মাইনুল হাসান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কারাদণ্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!