চেম্বারে ঢুকে স্ত্রীসহ চিকিৎসককে কুপিয়ে জখম
কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় চেম্বারে ঢুকে শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক ও তার স্ত্রী ফারহানা আফরিন হিমিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুর ১২টার দিকে রেসকোর্স এলাকার ওই চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই চিকিৎসক ও তার স্ত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় মো. সালাউদ্দিন মুরশেদ ভূঁইয়া প্রকাশ পাপ্পু নামে একজনকে আটক করেছে পুলিশ। পাপ্পু রেসকোর্স এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, ওই চিকিৎসককে এখনই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
.png)
জানা যায়, আহত চিকিৎসক জহিরুল হক কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার নুরুল হকের ছেলে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক শিক্ষার্থী ও বেসরকারি ইস্টার্ন মেডিকেলের সাবেক প্রভাষক। তিনি রেসকোর্স এলাকার শাপলা টাওয়ারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। সেখানেই তার চেম্বার।
ডা. জহিরুল হকের ভাই মো. কামরুজ্জামান ও স্ত্রী হিমির বড় ভাই কাজী শরিফ জানান, চাঁদা দাবি দ্বন্দ্বে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে একদল লোক। এতে ডা. জহিরুল গুরুতর আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
কামরুজ্জামান বলেন, পাপ্পু এর আগেও অনেকবার চাঁদা চেয়েছিল। কিন্তু আমার ভাই চাঁদা দেয়নি। আমার ভাই বলেছিল আমি স্থানীয় বাসিন্দা আমি চাঁদা দেবো না। আমার ভাইয়ের চেম্বারে প্রচুর রোগী হয়। তাই তারা সুযোগ পায়নি। দীর্ঘদিন ধরে চাঁদা না পেয়ে শনিবার দুপুরে খালি চেম্বারে তাকে হামলা করে। পাপ্পুর সঙ্গে আরো কয়েকজন ছিল। ভাইয়ের অবস্থা খুবই খারাপ। তাকে আইসিইউতে নেয়া হচ্ছে।
কুমিল্লা মেডিকেলের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, এখনই তাকে শঙ্কামুক্ত বলা যায় না। তবে ঘটনার পর থেকেও অবস্থার উন্নতি হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।