বরিশাল বিভাগে ১৯ দিনে ৩৪২ মণ ইলিশ জব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭ জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ৮৮ হাজার ৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ নিয়ে পুরো অভিযানে গত ১৯ দিনে এখন পর্যন্ত ৬৮৪টি মামলায় ৭৪২ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ১২ লাখ ৫৬ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ৩৬৩টি অভিযান চালানো হয়েছে এবং ৮৯৭টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে গত ১৯ দিনে বরিশাল বিভাগে ২৭৯ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৭৯৪ বার বিভিন্ন মাছঘাট, ৬ হাজার ৪০১ বার বিভিন্ন আড়ত ও ৪ হাজার ১৭২ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদফতরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।
.png)
১৯ দিনের অভিযানে ১৩ হাজার ৬৮৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৮ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৫শ’ টাকা মূল্যের ৪২ লাখ ৬৮ হাজার ৬শ’ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৪ লাখ ৭৬ হাজার টাকা।
মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ থাকছে। এ সময়ে বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।