কাভার্ডভ্যান থেকে ১২ কেজি গাঁজাসহ আটক ৩
বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার সকাল সাড়ে ৯টায় বাগেরহাট শহরের খবারদার ভিআইপি মোড়ে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার সরদার পাড়া এলাকার কাসেম আলীর ছেলে কবির হোসেন (২৩), বাগেরহাট জেলা সদরের ফুলবাড়ী এলাকার চানমিয়া হাওলাদারের ছেলে মিজান হাওলাদার (২৮) ও পালপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫)। এ সময় তাদের বহনকারী কাভার্ডভ্যান জব্দ করা হয়।
বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৯টায় শহরের ভিআইপি রোড মোড়ে খুলনা থেকে বাগেরহাটগামী একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে আসতে দেখে সিগন্যাল দেওয়া হয়। পরে কাভার্ডভ্যানে থাকা যাত্রী কবির মিজান এবং খালিদ হোসেন লিপুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা কাভার্ডভ্যানের কেবিন হতে ১২ কেজি গাঁজা বের করে দেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সৈয়দ বাবুল আক্তার জানান, জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খানের নির্দেশনা মোতাবেক জেলার সব জায়গায় মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।