মাদকাসক্ত ছেলের সঙ্গে ধস্তাধস্তিতে বাবার মৃত্যু
টাকা নিয়ে মাদকাসক্ত ছেলের সঙ্গে ধস্তাধস্তিতে মোয়াজ্জেম হোসেন (৬০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মোয়াজ্জেম হোসেন উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার রশিদ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, টান কালিয়াকৈর এলাকার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন আজ সকালে বাাড়ির পাশে ফসলি জমিতে কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার ছেলে বাপ্পি হোসেন সেখানে বাবার কাছে গিয়ে ৫০০ টাকা দাবি করেন।
.png)
ছেলে মাদকাসক্ত থাকায় মোয়াজ্জেম হোসেন তাকে টাকা দিতে অস্বীকৃতি জানান। টাকা নিয়ে বাবা–ছেলের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে মোয়াজ্জেম হোসেন মাটিতে লুটে পড়েন।
পরে স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে খবর পেয়ে কালিয়াকৈর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ছেলে বাপ্পি হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, নিহত ব্যক্তি স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।