নিহত সানজিদা আক্তার দুর্গাপুর পৌরশহরের বাগিচাপাড়া এলাকার আলামিন আকন্দের স্ত্রী ও সাধুপাড়া এলাকার জাকির হোসেনের মেয়ে।
নিহতের পরিবার জানায়, ৬ মাস আগে বাগিচাপাড়া এলাকার আলামিন আকন্দের সঙ্গে সানজিদার বিয়ে হয়। তবে বিয়ের ২ মাস পর থেকেই স্বামী নিয়ে বাবার বাড়িতে থাকতেন সানজিদা। শনিবার রাতে স্বামীর সঙ্গে বাগবিতণ্ডা হয় সানজিদার।
.png)
একপর্যায়ে মারধরের শব্দ পেয়ে বড় মেয়েকে পাঠিয়ে ঝগড়া থামান সানজিদার মা। তবে সকালে আবারো ঘরের দরজা বন্ধ করে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়। কিছুক্ষণ পরে আলামিন সবার অগোচরে ঘর থেকে বের হয়ে চলে যান। পরে দুপুরে ঘরের ভেতর থেকে পরিবারের সদস্যরা সানজিদার নিথর দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সানজিদার মা জাহানারা বেগম বলেন, ‘সকালে ঝগড়ার পরে আমার মেয়ে আর ঘর থেকে বের হয় নেই। সে অসুস্থ তাই ভেবেছি ঘুমাইতেছে পরে যখন সকাল পেরিয়ে দুপুর হয়েও তার সাড়াশব্দ নেই। পরে দুপুরে ঘরের ভেতরে গিয়ে ডাক দিলেও উঠেনি সানজিদা। তারপর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার মেয়ে মারা গেছে।’
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, যতটুকু সংবাদ পেয়েছি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। ঘটনার পরে স্বামীর খোঁজ মেলেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।