রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
রাজবাড়ীর সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার কুটিরহাট, বারবাকপুর বাজার ও ধুলদী জয়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়নের সদস্য, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি।
.png)
দণ্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান দুইটি হলো- বারবাকপুর বাজারের নিরাময় মেডিকেল হল এবং ধুলদী জয়পুর এলাকার আরাফাত বেকারি।
জানা যায়, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি জন্য সংরক্ষণের অপরাধে নিরাময় মেডিকেল হলকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ করার অপরাধে আরাফাত বেকারিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।