ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ ওয়াক্ত নামাজের শর্তে জামিন পেল মাদক মামলার শিশু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ২৭ নভেম্বর ২০২৩
৫ ওয়াক্ত নামাজের শর্তে জামিন পেল মাদক মামলার শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ

পাঁচ ওয়াক্ত নামাজ, মাদককে না বলা ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে মাদক মামলার অভিযুক্ত এক শিশুকে বোনের জিম্মায় জামিন দিয়েছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২।

সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার ওই শিশুকে জামিন দেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার ধামইরহাট উপজেলার খয়েরবাড়ি গ্রামের এক শিশুকে ২০২০ সালের ২০ ডিসেম্বর বিকেলে একই থানার উত্তর চকযদু গ্রামের পদ্মা পরিবহন টিকিট কাউন্টারের সামনে ২২ বোতল ফেনসিডিলসহ আটক করেন এসআই মানিক মিঞা। পরবর্তীতে ধামইরহাট থানায় মামলা দায়ের হলে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগের সত্যতা থাকায় অভিযুক্ত শিশুর বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন। ২০২১ সালের ২৮ নভেম্বর অভিযুক্ত শিশুর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

Advertisement

চলতি বছরের ২৬ অক্টোবর অভিযুক্ত শিশু আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে কৌঁসুলি সময়ের প্রার্থনা করেন। কিন্তু অভিযুক্ত শিশুর পক্ষে কৌঁসুলি সময়ের প্রার্থনা শুনানি না করায় আদালত তা নামঞ্জুর করেন এবং অভিযুক্ত শিশুর বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন।

চলতি বছরের ১৭ নভেম্বর অভিযুক্ত শিশুকে পুলিশ গ্রেফতার করে। সোমবার অভিযুক্ত শিশুর পক্ষে তার নিয়োজিত আইনজীবী জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার অভিযুক্ত শিশুকে পাঁচ ওয়াক্ত নামাজ, মাদককে না বলা ও অসৎ সঙ্গ ত্যাগ করার শর্তে বোনের জিম্মায় জামিন দিয়েছেন। অভিযুক্ত শিশুর পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাচ্চু এবং রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধীতা করেন বিশেষ কৌঁসুলি অ্যাডভোকেট আলতাফ হোসেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!