দেড় মাস ধরে নিখোঁজ, সন্তানকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি
বাবা-মা পাগলপ্রায়, ছেলের সন্ধান পেতে ছুটে চলেছেন জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। নওগাঁর মহাদেবপুর উপজেলার দাশড়া গ্রামের বাক-প্রতিবন্ধী শাহাদত আলীর সন্ধান মিলছে না প্রায় দেড় মাস যাবত। তাকে খুঁজতে খুঁজতে পাগলপ্রায় তার পরিবারের লোকজন। ছেলের সন্ধান চেয়ে তার বাবা মহাদেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১০নং ভীমপুর ইউনিয়নের দাশড়া গ্রামের মাজেদ আলী বাকপ্রতিবন্ধী ছেলে শাহাদত আলী গত ১৩ অক্টোবর হারিয়ে যায়। শাহাদত আলীর আনুমানিক বয়স ২৩ বছর। মানসিকভাবে অসুস্থ। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের টিশার্ট ও একই রঙের জিন্স প্যান্ট।
তার বাবা মাজেদ আলী জানান, সে কথা বলতে পারে না। এমনকি কারো কাছে নিজের খাবারটুকু পর্যন্ত চেয়ে নিতে পারে না। সে ইশারা ইঙ্গিতে শব্দ করে মনের ভাব প্রকাশ করে। শারীরিক গঠন: চুল কালো- ছোট খাট, গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি ও ওজন ৫০ কেজি।
.png)
ছেলেকে হারানোর শোকে তার বাবা মাজেদ আলী, মা ওসনারা বিবি ও দাদা মানসিকভাবে ভেঙে পড়েছেন। মাজেদ আলী গ্রামে মানুষের বাড়িতে কাজ করে তার পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করে থাকেন। বর্তমানে ছেলেকে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে তার কাজ বন্ধ হয়ে গেছে। তিনি সমাজের সচেতন নাগরিকদের কাছে তার ছেলের সন্ধান চেয়ে সহযোগিতা কামনা করেছেন। ছেলের সন্ধান দাতাদের ০১৭৭৬-৪০৯১০০, ০১৭২৭-৯৪৩৮২২ ও ০১৭৪৬-০৮১৭৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, ছেলেটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে আমরা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।