কবর জিয়ারতে গিয়ে মুসল্লিরা দেখেন গাছে ঝুলছে যুবকের মরদেহ
পাবনার বেড়ায় শুভ (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নান্দিয়ারা কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শুভ পাবনার আমিনপুর থানার শিবপুর গ্রামের মৃত সোহেলের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন এবং মাদকাসক্ত ছিলেন।
স্থানীয় ও মৃত যুবকের পরিবারের লোকজন জানান, শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হন শুভ। সারারাত তিনি বাড়ি ফেরেননি। শনিবার সকালে স্থানীয় কয়েকজন মুসল্লি কবরস্থান জিয়ারত করতে যান। সেখানে একটি আম গাছের সঙ্গে তারা যুবকের ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তারা পুলিশে খবর দেন। আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকের গলায় ফাঁস নেয়া ছিল। তবে তার পা মাটিতে ছিল।
শুভর মা শিল্পী খাতুন জানান, এটি আত্মহত্যা নয়। আমার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তার ছেলে মাদকাসক্ত ছিলেন বলে তিনি স্বীকার করেন। তবে তার ছেলেকে চিকিৎসা করানোর পর সে মেকানিকের কাজ করত।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সুজানগর-আমিনপুর সার্কেল) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি শনিবার সন্ধ্যায় বলেন, ময়নাতদন্তের আগে এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।