মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘটনাস্থলের অদূরে নদীতে দুইটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে মুন্সীগঞ্জের চর আবদুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মৃতরা হলেন- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ এবং ঢাকার ধানমন্ডি এলাকার মাহফুজুর রহমান।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসনাত জামান। তিনি জানান, দুর্ঘটনাস্থলের কাছেই মরদেহ দুটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে টংগিবাড়ী উপজেলার হাসাইল এলাকায় পদ্মার শাখা নদীতে খেয়া পারাপারের ট্রলারটি একটি বাল্কহেডের ধাক্কায় অন্তত ৪০ জন যাত্রী নিয়ে ডুবে যায়। এ ঘটনার পর পরই শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিখোঁজ ছিলেন দুই জন। মঙ্গলবার সকালে নিখোঁজ ঐ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।