ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাহিন্দ্রা-নসিমনের সংঘর্ষে সড়কে ঝরল ২ জনের প্রাণ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৭, ২২ ডিসেম্বর ২০২৩
মাহিন্দ্রা-নসিমনের সংঘর্ষে সড়কে ঝরল ২ জনের প্রাণ
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপায় মাহিন্দ্রা ও নসিমনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার আসাদুজ্জামান এবং নৌপাড়া এলাকার মেহের আলী বিশ্বাসের ছেলে মাহিন্দ্রা চালক বাবু বিশ্বাস। এ ঘটনায় স্বপন মিয়া নামের আরো একজন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে মাগুরা থেকে ওয়াজ মাহফিল শুনে ঝিনাইদহে ফিরছিলেন কয়েকজন মুসল্লি। পথে মাগুরা-শ্রীপুর সড়কের শৈলকুপা উপজেলার শেখপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রায় থাকা আসাদুজ্জামান, চালক বাবু বিশ্বাসসহ তিনজন গুরুতর আহত হন।

Advertisement

পরে সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহিন্দ্রার চালক বাবু বিশ্বাস ও মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আসাদুজ্জামান মারা যান। আহত অপরজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হতাহতদের বাড়ি শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে।

লাঙ্গলবাদ পুলিশ ক্যাম্পের এসআই হামিদুল ইসলাম জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মাগুরায় নিহতদের ময়নাতদন্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!