কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার রাতে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
.png)
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পোগলা ইউনিয়নের মূলপোগলা গ্রামের মো. আব্দুল আজিজ খানের ছেলে মো. সাজু খাঁন (৩৫) ও একই গ্রামের মো. আলী উসমানের ছেলে মো. আপেল (২১)। হত্যার শিকার মতিউর রহমান উপজেলার পোগলা ইউনিয়নের মূলগাঁও গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শেষ রাতে অজ্ঞাত ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হন মতিউর রহমান। পরে সকালে রামনাথপুর গ্রামের একটি পতিত জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন মতিউরের চার স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। পরে আদালতে নেয়া হলে তারা হত্যায় যুক্ত ছিলেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, চোরাই গরু বিক্রির টাকা লেনদেনের বিরোধে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মতিউরকে হত্যা করেন সাজু, আপেলসহ আরো ২/৩ জন। পরে লাশ গুম করার উদ্দেশে ফসলি কাদা জমিতে ফেলে দেন। আদালতে গ্রেফতার দুইজন এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।