শুক্রবার দুপুরে শহরের খয়েরতলা এলাকায় অবস্থিত এ স্টেশনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান। টেকসই এনার্জি সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান মিউলিটিক এনার্জি সল্যুশন লিমিটেড এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) যৌথ উদ্যোগে এ স্টেশন চালু করা হয়েছে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বলেন, ঢাকার বাইরে বৈদ্যুতিক গাড়ি চার্জ করার জন্যে কোনো চার্জিং স্টেশন ছিল না। যশোরে ওজোপাডিকো এবং মিউলিটিক কোম্পানির যৌথ উদ্যোগে পাইলটিং (পরীক্ষামূলকভাবে) হিসেবে এটা চালু করা হলো। এরপর সারাদেশে হয়তো বেসরকারি উদ্যোগে পেট্রোল পাম্পের মতো চার্জিং স্টেশন চালু হবে। নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এ মুহূর্তে বৈদ্যুতিক চার্জিং গাড়ির সংখ্যা খুব কম। উদ্যোক্তাদের যাতে লোকসান না হয় সেজন্যে প্রতি ঘণ্টায় চার্জিং ফি নির্ধারণ করে দেওয়া হবে।
.png)
মিউলিটিক এনার্জি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রুবাইয়াত ইসলাম সাদাত বলেন, এ অঞ্চলে প্রথম ইভি চার্জিং স্টেশন উদ্বোধনের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বৈদ্যুতিক গাড়ির সম্প্রসারণে বাতাসে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কম হবে। একইসঙ্গে জলবায়ু দূষণ কমবে।
এ স্টেশন উদ্বোধনের পর সংক্ষিপ্ত আলোচনা হয়। এর শুরুতে কীভাবে স্টেশনটি কাজ করবে তা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন মিউলিটিক এনার্জি’র প্রধান অপারেশন কর্মকর্তা রাহাত আহমেদ। এ সময় ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. শামছুল আলম, প্রকল্প পরিচালক মো. মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সবাইকে গাড়ি চার্জ করার পদ্ধতি দেখানো হয়।