ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নরসিংদীতে মেলায় চাকরি পেলেন ৩ শতাধিক তরুণ-তরুণী

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ২৭ ডিসেম্বর ২০২৩
নরসিংদীতে মেলায় চাকরি পেলেন ৩ শতাধিক তরুণ-তরুণী
চাকরি মেলা

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) দ্বিতীয় বারের মতো দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত। এতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তিনশতাধিক তরুণ-তরুণীর।

বুধবার শিবপুর উপজেলার শাষপুরে অবস্থিত টিটিসি প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এবং স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেইপ) সহযোগিতা মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় ১২টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

চাকরি মেলা উপলক্ষে টিটিসির কনফারেন্স রুমে এদিন সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- শিবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত।

Advertisement

প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ব্যাংক নরসিংদী শাখার ব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আনিছুর রহমান ভূঁইয়া প্রমুখ।

চাকরি প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়, একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানে বিনামূল্যে আবেদন করে চাকরির সুযোগ সচরাচর হয় না। এমন সুযোগ পেয়ে আবেদনকারীরা অনেক বেশি খুশি।

জব প্লেসমেন্ট কর্মকর্তা রুবেল রানা জানান, মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে ১২শ’র বেশি আবেদন জমা হয়েছে। এগুলো যাচাই-বাছাই করে প্রায় তিন শতাধিক বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দুইবারের আয়োজনে ছয়শতাধিক বেকার তরুণ-তরুণীকে চাকরি প্রদান করতে পেরেছে। এরই ধারাবাহিকতায় আরো বড় পরিসরে এ মেলার আয়োজন করার কথা জানায় তারা।

নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নাবিলা নুঝাত জানান, বেকার তরুণ-তরুণীদের ক্যারিয়ার গঠনের সহায়তা করার লক্ষ্যে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। টিটিসির শিক্ষার্থী ছাড়াও সব চাকরি প্রত্যাশী এতে অংশ নিতে পারছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!