খুলনায় আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার
খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার র্যাব-৬ এর মুখপাত্র এএসপি তারেক আমান বান্না এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার উত্তর ঠাকুরগাঁও এলাকার জিতেন দাসের ছেলে ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামা (২৭), পাবনা জেলার খয়েরসুতি গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. সাব্বিরুল ইসলাম সাব্বির ওরফে আবু সাব্বির আল বাঙালি (২০) এবং গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার কুলপাড়া গ্রামের ইলিয়াস লস্করের ছেলে শামিম লস্কর (১৯)। এ সময় অজ্ঞাত আরো ৩/৪ জন সদস্য পালিয়ে যান।
এএসপি তারেক আমান বান্না জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা ও র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, খুলনার বটিয়াঘাটা থানাধীন সাচিবুনিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় জঙ্গি সংগঠনের সদস্য একত্রে মিলিত হয়ে গোপন বৈঠক করছে।
.png)
এরই প্রেক্ষিতে সাচিবুনিয়া রেলক্রসিং সংলগ্ন একটি টিনসেড ঘরে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম’র ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাত আরো ৩/৪ জন সদস্য পালিয়ে যান। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত সবার নামে পূর্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এ কারণে তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।