বন্য হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের
বন্য হাতির আক্রমণে কামরুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী সদর ইউনিয়নের পূর্ব গোবরাকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম (৪০) একই এলাকার আলী আকবরের ছেলে।
হালুয়াঘাট থানার ওসি মো. মাহাবুবুল হক জানান, শুক্রবার রাতে ৪০-৫০টি বন্য হাতি গোবরাকুড়া সীমান্ত দিয়ে লোকালয়ে চলে আসে। তারা পাহাড়ি ঢালে কৃষকদের রোপণ করা বোরো ধানের বীজতলায় তাণ্ডব চালায়। বীজতলা রক্ষায় কৃষকরা ও এলাকার লোকজন লাঠি, মশাল, পটকা ফাটিয়ে হাতির দলকে তাড়ানোর জন্য ধাওয়া করে। একপর্যায়ে কামরুল পড়ে যান। তখন কয়েকটি হাতি কামরুলকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পিষ্ট করে জখম করে।
.png)
তিনি আরো জানান, স্থানীয় লোকজন ধাওয়া দিলে হাতির দল পাহাড়ে দিকে সরে যায়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা ওয়ালিদ জানান, নিহত কৃষকের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে আর্থিক সহায়তা করা হবে।