ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ফনি হত্যা মামলার আসামি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ১২ জানুয়ারি ২০২৪
মানিকগঞ্জে ফনি হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের দৌলতপুরে চাঞ্চল্যকর আব্দুর রহমান ফনি হত্যা মামলার আসামি চান মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার সকালে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে চান মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ সিপিসি-৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন।

গ্রেফতার চান মিয়া জেলার দৌলতপুর উপজেলার বিলকালিদহ গ্রামের মৃত ফজর আলীর ছেলে।

Advertisement

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, নিহত ফনি ও চান মিয়া একই গ্রামের বাসিন্দা। গত ২৯ ডিসেম্বর বিকেলে ফনি তার স্ত্রী সাহেরা বেগমকে সঙ্গে নিয়ে নিজ জমিতে ঘাস কাটছিলেন। ওই জমির পাশেই ছিল চান মিয়ার জমি। ঘাসকাটা নিয়ে ফনির সঙ্গে চান মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে চান মিয়া ফনিকে মারধর করেন। এতে ফনি ঘটনাস্থলেই অচেতন হয়ে যান। পরে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কলিয়া বাজারের এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ছেলে সবুজ মিয়া (৩৫) দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার যাদুরচর এলাকা থেকে চান মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতার চান মিয়াকে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!