৭ মাস পর ডেঙ্গু রোগী শূন্য রামেক হাসপাতাল
দীর্ঘ ৭ মাস পর ডেঙ্গু রোগী শূন্য হলো রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। গত ৯ জানুয়ারি সর্বশেষ রোগী ভর্তি হয়েছিলো। চিকিৎসা শেষে রোগীটিও শুক্রবার (১২ জানুয়ারি) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতলে ২০২২ সালে মোট ৫২৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৫২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৬ জন রোগী মারা গেছেন।
চলতি মৌসুমে রামেক হাসপাতলে মোট ৫ হাজার ৪৩১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে রাজশাহী জেলাতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯৮ জন। এই মৌসুমে রামেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ হাজার ৩৯৩ জন।
সর্বশেষ শুক্রবার রাজশাহীর চারঘাট উপজেলার আরিফুল ইসলাম (৩৬) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে ৩৮ জন রোগী মারা গেছেন।
হাসপাতাল পরিচালক বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবার ৫ হাজার ৪৩১ জন ডেঙ্গু রোগী ছিলেন। তখন তাদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছিল। চলতি মৌসুমে সর্বোচ্চ রোগী হয়েছিল ২৪০ জন। কয়েকটি ওয়ার্ডকে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড তৈরি করে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। সর্বশেষ রোগী শুক্রবার ছাড়া পেয়েছেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আর কোনো ডেঙ্গু রোগী নেই।