ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কনকনে ঠান্ডা: রেল স্টেশনে পড়েছিল বৃদ্ধের মরদেহ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৩ জানুয়ারি ২০২৪
কনকনে ঠান্ডা: রেল স্টেশনে পড়েছিল বৃদ্ধের মরদেহ
ফাইল ফটো

নাটোরের লালপুরের আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল। 
 
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রাজ্জাক বলেন, সকালে আব্দুলপুর স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাত এক ব্যক্তিকে পাতলা চাদর মুড়ে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা বলেন, শুক্রবার লালপুরে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দিনভর কনকনে ঠান্ডার সঙ্গে বাতাস যুক্ত হলে শীতের তীব্রতা আরো বাড়ে। ধারণা করা হচ্ছে, রাতে তীব্র শীতের কারণে তার মৃত্যু হতে পারে। 

আব্দুলপুর স্টেশনের দোকানি আশরাফুল ইসলাম বলেন, ওই ব্যক্তি আব্দুলপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করছিলেন। শুক্রবার রাতে চাদর পেঁচিয়ে প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল হলে নড়াচড়া না করায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে মৃত অবস্থায় তাকে দেখতে পান তারা।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, শুক্রবার বিকেল ৪টায় ঈশ্বরদী আবহাওয়া অফিস উপজেলায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। শনিবার এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, এটি উপজেলায় এই মৌসুমে সর্বনিম্ন। কুয়াশায় সূর্যের দেখা না মেলায় খেটে খাওয়া মানুষসহ শিশু, বৃদ্ধ ও অসুস্থরা আরো দুর্ভোগে পড়েছেন। 

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি হারুনুজ্জামান রুমেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!