হাজিরা দিতে গিয়ে ধস্তাধস্তি, তিনতলা থেকে নিচে পড়লেন স্বামী-স্ত্রী
মেহেরপুর আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তিনতলা থেকে পড়ে দু’জনই আহত হয়েছেন।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে মেহেরপুর জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন অর রশীদ আলী (৩০) এবং তার স্ত্রী সীমা আক্তার (২৭)।
জানা যায়, প্রায় এক যুগ আগে পারিবারিকভাবে সহড়াতলা গ্রামের মামুন অর রশীদের সঙ্গে পার্শ্ববর্তী রামদেবপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে সীমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মামুন সীমা আক্তারকে নির্যাতন করে আসছিলেন। এ কারণে সীমা মামুনের নামে মেহেরপুর আদালতে যৌতুক আইনে একটি মামলা করেন। স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় হাজিরা দিতে এসে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আদালত ভবনের তিনতলা থেকে দু’জনই পড়ে আহত হন। তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।