সাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা আরেক সাগর, অর্থাৎ এ ফুলের সাগরের অবস্থান কিন্তু বাংলাদেশেই। বলছি চট্টগ্রাম শহরের অদূরে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত ডিসি পার্কের কথা। এ পার্কে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব। এ উপলক্ষে দেশি-বিদেশি নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে পার্কটিকে। রাখা হয়েছে ১২৭ প্রজাতির প্রায় দুই লাখ ফুলের চারা।
এখানে ফুল উৎসবের পাশাপাশি থাকছে বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, বইমেলা এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান উৎসব। অনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার থেকে ফুল উৎসব শুরুর কথা থাকলেও আরো আগে থেকে প্রতিদিন পার্কটিতে ভিড় করছেন নানা বয়সের হাজারো দর্শনার্থী।
.png)
মাসব্যাপী এ আয়োজনকে আরো আকর্ষণীয় করতে ফুলের প্রদর্শনীর পাশাপাশি থাকছে ছবি তোলার জন্য সেলফি জোন। আবহমান বাংলার ঐতিহ্য রক্ষার্থে থাকছে বিভিন্ন সময়ের ১৫টি নৌকা প্রদর্শন। এছাড়াও থাকছে শিশুদের জন্য কিডস জোন, দীঘির পানির ওপর নির্মিত কাঠের পুলের রাস্তা, আঁকাবাঁকা সেতু, ছনের ছাউনির গোলঘর, বাদামতলায় চেয়ার-টেবিল, পানিতে প্যাডেলচালিত কায়াকিং, গুণী শিল্পীর চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফুল উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৪ একর সরকারি জমিতে গড়ে তোলা ডিসি পার্কে। গত বছরের ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি ১০ দিনব্যাপী প্রথম ফুল উৎসবের আয়োজন করে জেলা প্রশাসন। সে সময় ১২২ প্রজাতির ফুলের চমকপ্রদ প্রদর্শনীর মাধ্যমে উদযাপন করা হয়েছিল ফুল উৎসব। যা ব্যাপক সাড়া ফেলেছিল চট্টগ্রামজুড়ে। এরপর থেকে প্রতিবছর এখানে ফুল উৎসবের আয়োজন করার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
ফুল উৎসবের দায়িত্বে থাকা চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হোসাইন বলেন, ফুল উৎসবের সব প্রস্তুতি শেষ হয়েছে। গত বছর থেকে জেলা প্রশাসক স্যারের উদ্যোগে এখানে ফুল উৎসব শুরু হয়। দ্বিতীয়বারের মতো আবারো ফুল উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার। জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে এ উৎসবে এবারো থাকছে নানা আয়োজন। ১২৭ প্রজাতির প্রায় দুই লাখের মতো ফুল গাছের চারা এরইমধ্যে লাগানো হয়েছে। ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রত্যেক ফুলের পাশে লেখা থাকবে তাদের নাম ও বৃত্তান্ত।