ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ফুল উৎসব শুরু

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ৩১ জানুয়ারি ২০২৪
যশোরে ফুল উৎসব শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলায় ফুল উৎসব শুরু হয়েছে।

বুধবার থেকে এ উৎসব উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঝিকরগাছা উপজেলা প্রশাসন আয়োজিত দ্বিতীয়বারের মতো এ উৎসব চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। উপজেলার পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে আয়োজন করা হয়েছে ফুলের উৎসব। এ উপলক্ষে গদখালী-পানিসারা-হাড়িয়া মোড় সেজেছে অপরূপ সাজে।

প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহ উদ্দীন চৌধুরী। প্রথম দিন ফুল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দ্বিতীয় দিন নারী ফুল চাষিদের নিয়ে উঠান বৈঠক ও প্রামাণ্যচিত্র প্রদর্শন হবে। এছাড়া তৃতীয় দিন কৃষক সমাবেশ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষদিন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

Advertisement

শেষদিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন।

ঝিকরগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল বলেন, ফুলের বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুল রাজ্যকে সবার সামনে তুলে ধরতে গতবারের মতো এবারো ফুল উৎসব করা হয়েছে।

যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিম বলেন, গতবার ফুল উৎসবে উপজেলা পরিষদের পক্ষ থেকে গদখালীতে একটি ফুল তোরণ (ফুল গেট) নির্মাণের ঘোষণা দেওয়া হলেও তা করা হয়নি। এবারো তারা সেই দাবি করবেন।

উল্লেখ্য, ঝিকরগাছার গদখালী অঞ্চলে ১২শ’ হেক্টর জমিতে ১১ প্রকারের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়। এ এলাকার ছয় হাজার পরিবারের দেড় লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। এ অঞ্চলে প্রতি বছর সাড়ে ৩শ’ কোটি টাকার ফুল উৎপাদন হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: উৎসব যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!