প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর বাড়ির সামনে ফেলে গেল যুবকের লাশ
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে আল আমিন ওরফে দানিয়াল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় শুভ নামে আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করেছেন স্বজনরা।
শুক্রবার রাত সোয়া ১১টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকা থেকে ধরে নিয়ে মাসদাইরখানকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দানিয়াল মাসদাইর খানকার মোড় এলাকার মৃত দেলু মিয়ার ছেলে। আহত শুভ একই এলাকার শাহ জালালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছরের ১৫ জুন রাতে মাসদাইর বাড়ৈভোগ বাজারে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানিয়াল ও তার লোকজন তাদের প্রতিপক্ষের রমু বাহিনীর রমুর নাতি অনিককে কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় দানিয়াল ও তার লোকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করে অনিকের পরিবার। এরই জেরেই দানিয়াল ও শুভকে শুক্রবার রাতে চাষাঢ়ায় আটক করে রমু বাহিনী। সেখানে প্রথমে তাদের মারধর করে মাসদাইর খানকার মোড় এলাকায় নিয়ে যায়। এরপর প্রকাশ্যে দুইজনকে কুপিয়ে জখম করে। তারপর মৃত ভেবে দুইজনের মরদেহ তাদের বাড়ির সামনে ফেলে যায়। পরিবারের লোকজন দ্রুত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে দানিয়ালকে মৃত ঘোষণা করেন। আর শুভকে ঢাকা মেডিকেলে পাঠান চিকিৎসক।
নিহতের স্ত্রী রাত্রি আক্তার জানান, দুই বছর আগে তার সঙ্গে দানিয়ালের বিয়ে হয়। শুক্রবার রাত ১০টার দিকে দানিয়াল তার বন্ধু শুভকে নিয়ে চাষাঢ়া ঘুরতে যায়। সেখানেই এই ঘটনা ঘটে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তাসলিম আহমেদ জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে রমু বাহিনী এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।