ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পূর্ণ’র বাবার স্বপ্ন রয়ে গেল অপূর্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৪
পূর্ণ’র বাবার স্বপ্ন রয়ে গেল অপূর্ণ
পরীক্ষার হলে আবনি নাসরিন পূর্ণ। ছবি: ডেইলি বাংলাদেশ

পরীক্ষার হলে খাতার লেখা ‘রাবার’ দিয়ে না মোছে, বার বার কলম থামিয়ে চোখের জল মোছেন আবনি নাসরিন পূর্ণ। সহপাঠীরা সান্ত্বনা দিলেও বাধা দেয়নি শিক্ষকরা। সব সামলে উত্তর লেখার পরামর্শ দেন কক্ষ পর্যবেক্ষকরা। বৃহস্পতিবার এ দৃশ্য দেখা গেছে, দৃশ্য কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে।

কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও কটিয়াদী পশ্চিমপাড়ার বাসিন্দা ব্যবসায়ী ফজলুর রহমান দুদু মিয়ার দ্বিতীয় মেয়ে আবনি নাসরিন পূর্ণ।

বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষায় আবনি নাসরিন পূর্ণ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়।

বুধবার বিকেলে পূর্ণ’র বাবা ফজলুর রহমান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার সকালে বাবার মরদেহ দাফন সম্পন্ন হয়। বাবার মৃত্যুর শোক নিয়ে পরীক্ষায় অংশ নেয় পূর্ণ।

খোঁজ নিয়ে জানা যায়, ফজলুর রহমান স্বপ্ন ছিল মেধাবি শিক্ষার্থী পূর্ণ এসএসসি পরীক্ষায় এবার ভালো ফলাফল করবে। সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই তাকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হলো। বাবার মরদেহ কবরে রেখে পরীক্ষার হলে খাতা-কলম নিয়ে বসার মানসিকতার প্রশংসা করেন সহপাঠী ও শিক্ষকরা।

কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ বলেন, আবনি নাসরিন ভুব ভালো শিক্ষার্থী। তার জীবনে এ হৃদয়বিদায়ক ঘটনায় আমারও শোকাহত। কেন্দ্র সচিবসহ সবাই তাকে পরীক্ষা দেওয়ার জন্য সাহস ও সান্ত্বনা দিয়েছেন। পরে সে সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!