জাবিতে ভর্তি পরীক্ষা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। যা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় 'এ' ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়। বিকেল ৫ টা ৪০ মিনিট পর্যন্ত সর্বমোট ছয়টি পর্বে চলবে এই ইউনিটের পরীক্ষা।
এর মধ্যে প্রথম দুই পর্বে ছাত্রীদের ও শেষ চার পর্বে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর 'এ' ইউনিটে ২২৩টি ছাত্রদের এবং ২২৩টি ছাত্রীদের আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫ জন ছাত্র এবং ১৬ হাজার ৭১১ জন ছাত্রী আবেদন করেছেন।
দ্বিতীয় পর্বের পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, ‘সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিতির হার ৭০-৮০ শতাংশ। আমরা এ বছর ভাসমান কোনো দোকান বসতে দেয়নি। কারণে ভিড়ও কম আছে। নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।’
আগামী রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় হবে প্রথম পর্বে ‘সি-১’ ইউনিটের পরীক্ষা। পরে সকাল ১০টা ২৫ মিনিট থেকে ‘সি’ ইউনিটের বাকি পর্বের ভর্তি পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ও বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুই দিনে ৪ পর্ব করে ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ২টি পর্বে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে। পরে বেলা ১১টা ৫০ মিনিটে তৃতীয় পর্বে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঐদিন শেষ দুই পর্বে হবে ‘ই’ ইউনিটের পরীক্ষা।