নির্মাণাধীন দেয়াল থেকে পড়ে প্রাণ গেল শিশুর
ভোলার লালমোহন উপজেলায় নির্মাণাধীন দেয়াল থেকে পিছলে নিচে পড়ে মো. তানভীর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে পারিবারিক কবরস্থানে ঐ শিশুর মরদেহ দাফন করা হয়। এর আগে, বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
মৃত তানভীর উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকার জজ বাড়ির মো. জসিমের ছেলে। এছাড়া সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির নির্মাণাধীন গোসলখানার দেয়ালের ওপর উঠে খেলছিল শিশু তানভীর। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে মাথায় আঘাত পায় সে। এরপর স্বজনরা বিকেলে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক শিশু তানভীরকে চিকিৎসা দিলে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। তবে সন্ধ্যার দিকে তানভীরের শারীরিক অবস্থার অবনতি হলে
পুনরায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় রেফার্ড করেন। ভোলার নেয়ার পথেই অ্যাম্বুলেন্সের মধ্যে মারা যায় শিশু তানভীর। শুক্রবার দুপুরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে সব শিশুর পরিবারের প্রতি অনুরোধ থাকবে; শিশুদের তারা যেন নজরে রাখেন।