চাকরির দুই মাসের মাথায় ব্যাংকের ছাদে মিলল লাশ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা কৃষি ব্যাংকের নৈশ প্রহরী শাহাদাত হোসেন সাজ্জাদের (২০) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার গজরা ইউনিয়নের গজরা এলাকার কৃষি ব্যাংকের ছাদের পিলারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহাদাত হোসেন সাজ্জাদ গজরা গ্রামের ছামাদ সরকারের ছেলে।
সাজ্জাদের ফুফু রহিমা বেগম ওই ব্যাংকে রান্নার কাজ করতেন। তিনি জানান, রান্নার একপর্যায়ে সাজ্জাদ রাতের ডিউটি শেষে বাড়ি না ফেরার খবর পেয়ে খুঁজতে থাকেন। পরে ব্যাংকের ছাদে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পান।
মা শিরিন বেগম জানান, দুই মাস হলো ব্যাংকে চাকরি করছে। মাত্র এক মাসের বেতন পেয়েছে। প্রতিদিন বিকেলে যেতো আর সকালে বাসায় ফিরতো। তাদের কোনো শত্রুও নেই। তবে যে তার ছেলেকে মেরেছে, তার বিচার চান তিনি।
মতলব উত্তর থানার ওসি শহীদ হোসেন জানান, এ বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অতিরিক্ত পুলিশ সুপার মতলব সার্কেল খায়রুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।