ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৩৬, তদন্তে কমিটি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩০, ১৪ মার্চ ২০২৪
গাজীপুরে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৩৬, তদন্তে কমিটি
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৩৬ জন অগ্নিদগ্ধের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির বিষয়টি জানান।

এ সময় জেলা প্রশাসক বলেন, গ্যাসের আগুনে ৩৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন আছেন ঢাকায়। বাকি দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাটি তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুই সদস্য হলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ ও গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

Advertisement

এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এখানে যারা থাকেন তাদের গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে অভিজ্ঞতা কম। যে কারণে এমন ঘটনা ঘটেছে। আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে অগ্নিমহড়া দেওয়ার ব্যবস্থা করবো যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। 

জেলা প্রশাসক আরো বলেন, অগ্নিদগ্ধদের সার্বিক সহযোগিতা করা হবে। সার্বক্ষণিক তাদের খোঁজখবর নেয়া হচ্ছে।

পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমেরী হোসেন, কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম ও মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম।

পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য সচেতনতা প্রয়োজন। আইনের কাঠামো থেকে যারা এর ব্যত্যয় ঘটাবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এখানে যারা গ্যাস সিলিন্ডার বিক্রি করেন তাদের ডিলারশিপ ঠিক আছে কিনা তা দেখা হবে। এখানে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!