ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে প্রচুর শিলাবৃষ্টিতে আমসহ ফসলের ক্ষতির আশঙ্কা

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৭, ২৬ মার্চ ২০২৪
নাটোরে প্রচুর শিলাবৃষ্টিতে আমসহ ফসলের ক্ষতির আশঙ্কা
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে আম, ভুট্টা, গম, ধান, রসুনসহ ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৫ মার্চ) রাত ১১টার দিকে হঠাৎ জেলার সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সঙ্গে শুরু হয় শিলা। বৃষ্টিতে পানির পরিমাণ কম হলেও কোথাও কোথাও শিলার স্তূপ জমে যায়। শিলার কারণে ঝরে পড়েছে আম, লিচুর ছোট আকারের গুটি।

এদিকে বড়াইগ্রাম, সিংড়া, গুরুদাসপুর উপজেলায় ধান, গম, ভুট্টা, রসুনসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর, রোলভা, খাঁকসা, বাগডোম এলাকা দিয়ে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে।

গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা, ধারাবারিষা, শিধুলী, পাটপারা এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে এসব এলাকায় আম, ধান, রসুন, বাঙ্গি, শাকসবজি, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কিছু কিছু এলাকায় আধা ঘণ্টাব্যাপী ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এ সময় কোথাও কোথাও বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, জেলার বেশকিছু জায়গায় শিলাবৃষ্টির খবর পেয়েছি। আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে রয়েছেন। শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধান করতে নির্দেশনা দেওয়া রয়েছে। তারা আমাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিলে ক্ষতির পরিমাণ জানাতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!