পাইকারিতে গাঁজা কিনে মজুদ করতেন ফ্ল্যাট বাসায়
চট্টগ্রাম নগরের ইপিজেডে ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, মঙ্গলবার তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকার জানে আলমের ছেলে সাদেক ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বড়বানাই এলাকার মশিউর রহমান তালুকদারের ছেলে হালিম তালুকদার।
.png)
র্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় একটি ফ্ল্যাট বাসায় মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশে মজুত করেছে কতিপয় মাদক ব্যবসায়ী- এমন তথ্য ছিল র্যাবের কাছে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ফ্ল্যাটটিতে অভিযান চালিয়ে শয়ন কক্ষে সাতটি পলিথিনের ব্যাগে বিশেষ কৌশলে রাখা ১৩ কেজি গাঁজা উদ্ধার ও দুজনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক দুই লাখ টাকা।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার আরো বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা ক্রয় করে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রি করে আসছেন বলে আটকের পর জিজ্ঞাসাবাদে জানান তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।