ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ২৯ মার্চ ২০২৪
কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত
ফাইল ফটো

গাজীপুরের কাপাসিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। নিহত দুইজনসহ তাদের একটি দল গরু চুরি করতে রাতে উপজেলার সিংহশ্রী ইউনিয়নে ঢুকেছিলো।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামে অপরজন নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিও হত্যার আগের অন্যটিতে পিটিয়ে হত্যার দৃশ্য ধারণ করা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের এক কৃষকের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় কৃষক গরু চুরির বিষয়টি টের পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে এলাকাবাসী জড়ো হন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে একজনকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অপর একজন দৌড়ে পাশের বড়িবাড়ি গ্রামে ধানক্ষেতে গিয়ে লুকিয়ে থাকেন। পরে উত্তেজিত এলাকাবাসী তাকে ধানক্ষেত থেকে খুঁজে বের করে এনে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভিডিওতে দেখা যায়, নীল রঙের প্যান্ট-শার্ট পরিহিত এক যুবক গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় মাটিতে বসে আছে। চারপাশে উত্তেজিত মানুষজন তাকে গালাগাল করছেন। তাদের অনেকের হাতে লাঠি রয়েছে। এ সময় আহত ঐ যুবককে জেরাও করা হচ্ছে। একজনকে বলতে শুনা যায়, সত্যি কথা বল। তোর সাথের একজনকে মেরে ফেলা হয়েছে। মরার আগে সত্যি কথা বল।

আরেক জনকে বলতে শুনা যায়, গরু কি তোর বাপের টাকায় কেনা? উত্তেজিত আরেক ব্যক্তির কেন এসেছে এমন প্রশ্নে যুবক জানান, এখানে নদীর পারে কারো সঙ্গে মারামারি করার জন্য তাকে আনা হয়েছে। তার নাম কি এমন প্রশ্নে যুবক জানান, তার নাম হৃদয়। এ সময় ঐ যুবক নিজেকে চোর নয়, এমন প্রমাণের জন্য একজন মেম্বরের নামও বলেছে। উপস্থিত জনতার চিল্লাচিল্লির শব্দে মেম্বরের নাম স্পষ্ট বোঝা যায়নি। অপর একটি ভিডিওতে উত্তেজিত জনতা ঐ যুবককে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে এমন দৃশ্য দেখা যায়।

কাপাসিয়া থানার ওসি আবু বকর মিয়া জানান, কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের মোসলেমের বাড়িতে গরু চুরি করতে গেলে টের পেয়ে এলাকাবাসী দুজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!