পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে থানচি পাহাড়ের পূর্ব ও দক্ষিণ পাশের পাহাড় থেকে থানা লক্ষ্য করে গুলি ছোঁড়ে কেএনএফ সন্ত্রাসীরা। পরে পুলিশ থানা থেকে গুলি করে। বাজারে আমাদের টহল টিম ছিল। তারাও গুলি করেছে।
.png)
ডিআইজি নূরে আলম মিনা বলেন, আমরা বিজিবি ও সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করি। পরে তারাও পুলিশের সঙ্গে গোলাগুলিতে যোগ দেয়। এখন পরিবেশ শান্ত আছে। তবে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা সতর্ক অবস্থানে আছি।
থানচি থানার ওসি জসিম উদ্দিন বলেন, সন্ত্রাসীদের সঙ্গে ৫০০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। রাতে আমরা সতর্ক আছি। গোলাগুলিতে কেউ হতাহত হয়েছে কিনা তা সকাল না হলে বলা যাচ্ছে না।
এর আগে, রাত ৯টার দিকে থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন থানচি বাজার এলাকায় গোলাগুলির খবর জানান।
বুধবার দুপুরে থানচি বাজারে গুলি চালিয়ে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র সন্ত্রাসীরা। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে থানচি বাজার ঘিরে ফেলে ডাকাতরা। তারা ব্যাংক ও এর আশপাশের এলাকায় অস্ত্রের মুখে সবার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর তারা ব্যাংক দুটির ভেতরে ঢুকে পড়ে।