ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরির নামে ভুয়া নিয়োগপত্র, অর্থ হাতিয়ে নিত চক্র

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৯, ৫ এপ্রিল ২০২৪
চাকরির নামে ভুয়া নিয়োগপত্র, অর্থ হাতিয়ে নিত চক্র
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৫ এপ্রিল) ভোরে উপজেলার গোরশাহী এলাকা থেকে তাদের আটক করা হয়।

দুপুরে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটককৃতরা হলেন- গোরশাহী গ্রামের তছির উদ্দিন মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৫৭) ও আজু খাঁর ছেলে কুদ্দুস খাঁ (৪০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়- নুরুল ইসলাম একজন প্রতারক সিন্ডিকেটের মূলহোতা। নুরুল ও তার সহযোগী কুদ্দুস র্দীঘদিন ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। মূলহোতা নুরুল চাকরি প্রার্থীদের আশ্বস্ত করেন যে, তার উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে ভালো সর্ম্পক আছে। তারা মিথ্যা আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।

Advertisement

২০২৩ সালে বাংলাদেশ সেনাবহিনীতে নিয়োগ চলাকালে নুরুল ও কুদ্দুস সিন্ডিকেট চাকরি প্রার্থী জনৈক ওমর ফারুকের সঙ্গে প্রতারণার মাধ্যমে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবধৈভাবে ১২ লাখ টাকা চুক্তি করেন। এর মধ্যে নগদ ৮ লাখ টাকা হাতিয়ে নেন এবং একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করেন।

ভুক্তভোগী ওমর ফারুক নিয়োগকৃত পদে যোগদান করতে গেলে ভুয়া নিয়োগপত্রের বিষয়টি জানতে পারেন। পরে নুরুল ও কুদ্দুসের বিরুদ্ধে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে প্রতারণার অভিযোগ করেন ওমর।

অভিযোগের পর র‌্যাব-৫ এর একটি অভিযানিক দল প্রতারক চক্রের মূলহোতা নুরুল ইসলাম ও সহযোগী কুদ্দুস খাঁকে আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়। আটককৃতদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব-৫।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!