ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মা সেতুতে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৯, ১২ এপ্রিল ২০২৪
পদ্মা সেতুতে মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ

পদ্মা সেতুতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তৈয়ব আলী নামে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১১ ও ১২ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগিয়া এলাকার বেলায়েত শেখের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকা থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস গোপালগঞ্জের কাশিয়ানী যাচ্ছিলেন। পথে পদ্মা সেতুর ওপরে বিকট শব্দে মাইক্রোবাসটির চাকা  বিস্ফোরণ হয়। পরে মাইক্রোবাসের চালক গাড়ি থেকে নেমে চাকা মেরামত করেন। এ সময় পেছন থেকে এসে দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসের চালক মোহাম্মদ তৈয়ব আলী। 

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত মোটরসাইকেল চালক আজমীর হোসেন ও তার স্ত্রী শ্রাবণী ইসলামকে আটক করেছে পুলিশ ও সেতু নিরাপত্তার দায়িত্বে থাকা নিয়োজিত কর্মীরা।

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এএসএম জিয়াউল হায়দার জানান, এ ঘটনায় মোটরসাইকেলসহ দুজনকে আটক করেন পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সদস্যরা। মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!