ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শটগান ঠেকিয়ে বুক ফুটো করে দেওয়ার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৪, ২২ এপ্রিল ২০২৪
শটগান ঠেকিয়ে বুক ফুটো করে দেওয়ার হুমকি স্বেচ্ছাসেবক লীগ নেতার
ছবি: ভিডিও থেকে নেয়া

গাজীপুরে শটগান নিয়ে প্রতিপক্ষকে জমি মাপে বাধা দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। এ সময় অস্ত্র তাক করে গুলি চালিয়ে প্রতিপক্ষের বুক ফুটো করে দেওয়ারও হুমকি দেন তিনি। ঐ নেতার নাম রাশেদুজ্জামান মাসুম। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

শনিবার গাজীপুর সদর থানার দেশি পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নগরীর ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী রাশেদুজ্জামান মাসুমের সঙ্গে দেশিপাড়া মৌজার কিছু জমি নিয়ে হারুন অর রশিদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। শনিবার সকাল ১০টার দিকে হারুন ও তার স্বজনরা ঐ জমি মেপে সীমানা চিহ্নিত করতে যান। খবর পেয়ে তাৎক্ষণিক শটগান নিয়ে ঘটনাস্থলে ছুটে যান স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম।

Advertisement

এ সময় তিনি প্রতিপক্ষের হারুনকে বুকে গুলি করতে উদ্যত হয়ে জমি মাপা বন্ধ করতে বলেন। অন্যথায় গুলি করে বুক ফুটো করে দেবেন বলে হুমকি দেন। এ সময় অবস্থা বেগতিক দেখে স্থানীয় সার্ভেয়ার জমি মাপা ফেলেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এক ভিডিওচিত্রে মাসুমকে লক্ষ করে প্রতিপক্ষের এক নারীকে বলতে দেখা যায়, ‘আমরা রেকর্ডমূলে মালিক, তোমরা আমাদের জমিতে বাধা দেওয়ার কে?’ উত্তরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম ঐ নারীকে বলেন, ‘রেকর্ড ধুয়ে গিয়ে পানি খাও, আমাদের ১৩ পাহি জমির কোনো রেকর্ড নাই। এজন্য আমাদের জমি ছুইটা যায় নাই।’

ভুক্তভোগী হারুন অর রশিদ জানান, তাদের নানার কাছ থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১ দশমিক ৪২ একর জমি স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম ও তার পরিবার অন্যায়ভাবে দখল করে রেখেছে। এ ব্যাপারে তারা গাজীপুর সদর সহকারী কমিশনারের (ভূমি) রাজস্ব আদালতে মিস কেস করে সম্প্রতি রায় পান। শনিবার সকালে সার্ভেয়ার নিয়ে জমিটি মাপতে গেলে মাসুম শটগান দিয়ে গুলি করে তার বুক ফুটো করে দেওয়ার হুমকি দেন। এমনকি এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি কিলঘুসি মেরে জমি থেকে তাড়িয়ে দেন।

এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন বলেও জানান ভুক্তভোগী হারুন অর রশিদ।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুজ্জামান মাসুম গণমাধ্যমকে বলেন, আমার লাইসেন্স করা অস্ত্র আমি সঙ্গে নিয়েছিলাম। তবে হারুনকে আমি গুলি করার কোনো হুমকি দেইনি।

তিনি আরো বলেন, ঐ জমি ১৯৫২ সালে আমার দাদা ক্রয় করেছেন। পরবর্তীতে আমাদের নামে রেকর্ড না হওয়ার অজুহাতে হারুন ও তার পরিবারের সদস্যরা আমাদের জমির মালিকানা দাবি করছে।

এ ব্যাপারে গাজীপুর মেট্রো সদর থানার ওসি সৈয়দ রাফিউল করীম বলেন, শটগান নিয়ে জমি মাপায় বাধা দেওয়ার একটি ভিডিও নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!