ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে জাহাজডুবি: ভেসে থাকা ১১ নাবিককে উদ্ধার, নিখোঁজ ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ২৫ এপ্রিল ২০২৪
বঙ্গোপসাগরে জাহাজডুবি: ভেসে থাকা ১১ নাবিককে উদ্ধার, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

নোয়াখালী হাতিয়ার ভাসানচর সংলগ্ন পূর্ব পাশে বঙ্গোপসাগরে এমভি মৌমনি নামে একটি কার্গো জাহাজডুবির ঘটনায় ১১ নাবিককে উদ্ধার করেছেন মাছ ধরার ট্রলারের মাঝি-মাল্লারা।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তাদের উদ্ধার করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে হাতিয়ার ইসলাম চরের কাছে জাহাজডুবির এ ঘটনা ঘটে।

জানা যায়, এমভি মৌমনি নামের একটি জাহাজ চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ভাসানচরের পূর্ব অংশে ইসলাম চর এলাকায় পৌঁছালে দুপুর ১২টার দিকে ১২ নাবিক ও মালামালসহ জাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১২ নাবিক ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশ ধরে ভাসতে থাকে। এ সময় নাবিকরা ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চান। 

Advertisement

পরে হাতিয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ড সহযোগিতার জন্য ঘটনাস্থলে রওনা হয়। এরমধ্যে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়া জাহাজের নাবিকদের দেখতে পেয়ে ১১ জনকে উদ্ধার করে। তবে একজন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। 

এ বিষয়ে হাতিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান জানান, সাগরের মোহনায় ঘটনাটি ঘটেছে। ফলে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদের যেতে সময় লেগেছে। তবে নৌ-পুলিশের আগে কোস্টগার্ড সাড়ে ৪টার পর ঘটনাস্থলে পৌঁছে। অবশ্য কোস্টগার্ড পৌঁছার আগেই জেলেদের একটি বোর্ড নাবিকদের উদ্ধার করে। তাদেরকে নিরাপদে পৌঁছানোর সব ব্যবস্থা করছে কোস্টগার্ড।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ওসি জিসান আহমেদ জানান, এখন পর্যন্ত কার্গো জাহাজের ১১ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন নাবিক নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। 

 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!