রোববার রাত ৯টার দিকে গুলিবিদ্ধ মোহাম্মদ আলীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
এদিন বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। তিনি বলেন, বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার শেষে দুই ইউপি সদস্য সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই প্রার্থীর সমর্থকরা ভোট কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এতে পুলিশ সদস্যরা নিজেদের জানমাল ও সরকারি মালামাল রক্ষার্থে প্রথমে ফাঁকা গুলি করে।
.png)
তিনি আরো বলেন, ‘এরপরও পুলিশ সদস্যদের ওপর আরো হামলা বাড়িয়ে দিলে ৬০ থেকে ৭০ রাউন্ড শটগান থেকে গুলি ছোড়া হয়। এই শটগানের গুলিতে মোহাম্মদ আলী নামক এক ব্যক্তি ঘটনাস্থলে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন বলে পুলিশ সুপার দাবি করেন।’
এই ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন এবং এটি সুষ্ঠু তদন্ত স্বার্থে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানে আলমকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
জানা গেছে, আগামী তিন কর্ম দিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থল থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।