ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এতিমখানায় গেল বিয়েবাড়ির খাবার, জরিমানা গুনলেন কনের বাবা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫, ৩ মে ২০২৪
এতিমখানায় গেল বিয়েবাড়ির খাবার, জরিমানা গুনলেন কনের বাবা
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ডুগডুগি গ্রামে এক নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করলে গোপনে খবর পায় উপজেলা প্রশাসন। পরে সরেজমিনে ঘটনাস্থলে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। ঘটনাস্থলে এসে তিনি বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পান। এ সময় কনের বাবা-মা তাদের দোষ স্বীকার করেন। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের আয়োজনের অপরাধে কনের বাবাকে আট হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিয়ের অনুষ্ঠানের আয়োজিত খাদ্য সামগ্রী উপজেলার হাউলী ইউনিয়নের ছোটদুধপাতিলা মুকামতলা এতিমখানার শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা দিয়েছেন তার বাবা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেছেন দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!