নিহত তানিয়ার স্বামী আরিফ হাসান রাজধানীর ধানমন্ডি থানায় এসআই হিসেবে কর্মরত।
সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
হাইওয়ে থানা-পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রোববার রাত ১১টার দিকে আরিফ হাসান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে রাজধানীতে যাচ্ছিলেন। মহাসড়কের সাভারের জাদুরচর এলাকায় পৌঁছালে একটি গাড়ি পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। গাড়ির চাপায় আরিফ হাসান ও তার স্ত্রী আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা আরিফ ও তার স্ত্রীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবশ্য তার আগেই মারা যান তানিয়া।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক ইউসুফ আলী বলেন, রোববার রাত ১২টার দিকে আরিফ হাসান ও তানিয়াকে হাসপাতালে আনা হয়। এর আগেই পথে তানিয়ার মৃত্যু হয়।
সাভার হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, এসআই আরিফ হাসান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন। একটি যানবাহনের ধাক্কায় তারা দুর্ঘটনার কবলে পড়েন। এতে আরিফ হাসানের স্ত্রী তানিয়া মারা যান। তবে কী ধরনের যানবাহন তাদের চাপা দিয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান।