মঙ্গলবার দুপুর থেকে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন- ঘোড়া প্রতীকের সমর্থক মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ করিম। তাৎক্ষণিকভাবে আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
.png)
জানা গেছে, চেয়ারম্যান পদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সোহরাব হোসেন নোমানের স্লিপ ক্যাম্প, চেয়ার, মোটরসাইকেল ভাঙচুর ও জোবরা রেললাইনে অগ্নিসংযোগ ঘটানো হয়। এ সময় মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে ঘোড়া প্রতীকের দুই সমর্থক গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।
হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন, চেয়ারম্যান পদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ঘোড়া প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে র্যা ব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।