ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ২৭ মে ২০২৪
বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরো তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  

সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের কঠোর পুলিশি পাহারায় রোয়াংছড়ি সদর থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা তিন কেএনএফ সদস্যকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, রোববার বিকেলে তাদের রোয়াংছড়ি সদর থেকে গ্রেফতার করেন যৌথবাহিনীর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন- কেএনএফ সদস্য জোহান বম (৪৫), লাল হোম লিওন বম (৩৭) এবং লাল রাম লিয়ান বম (৩৮)। তারা সবাই উপজেলার পাইক্ষ্যং পাড়ার বাসিন্দা।

Advertisement

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রোয়াংছড়ি থানায় দায়ের করা মামলায় তিন আসামিকে আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে।

এদিকে, এ ঘটনার পরে আসামিদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান। এতে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সঙ্গে অংশ নেন সেনাবাহিনীর সদস্যরা। ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি এবং রোয়াংছড়ি থানায় তিনটিসহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয়। চলমান অভিযানে এ পর্যন্ত কেএনএফের ৯০ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!