[ দেশজুড়ে ]
নামাজরত অবস্থায় নিথর স্বামী-স্ত্রী
ছবি: সংগৃহীত
নরসিংদীতে ঘরের বেড়ার নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) ভোরে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছগরিয়াপাড়া এলাকার কালু মিয়া (৭৫) ও তার স্ত্রী সবমেহের বেগম (৬০)।
নিহতের ছেলে ইব্রাহিম ও স্থানায়রা জানান, ভোরে ফজরের সময় ঘরে নামাজ আদায় করছিলেন বৃদ্ধ দম্পতি। টানা বৃষ্টিপাতের সময় নিচের মাটি সরে ঘরের পাশে রাখা ইটের স্তূপ ধসে ঘরের টিনের বেড়ার ওপর পড়ে। পরে ইটের স্তূপ ঘরের ভেতর বেড়া ভেঙে উপরে পড়লে তা চাপা পড়ে ঘরে থাকা স্বামী-স্ত্রী দুজনেই মারা যান। খবর পেয়ে আশপাশের লোকজন ইট সরিয়ে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। ঘটনার বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. তানভীর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রতিবেশী ও নিহতের ছেলেরা মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!