[ দেশজুড়ে ]
দেখা মিলল বিরল প্রজাতির লজ্জাবতী বানরের
ছবি: সংগৃহীত
রাঙ্গামাটি সদর উপজেলার নাড়াইছড়ি ভিটেপাড়া পাড়া এলাকা থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পরে সেটি কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (২৮ মে) বিকেলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জাহিদুর রহমান মিয়ার নির্দেশনায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী এবং বন বিভাগের কর্মীরা কাপ্তাই জাতীয় উদ্যানে বানরটিকে অবমুক্ত করেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন চৌধুরী বলেন, সোমবার (২৭ মে) রাঙ্গামাটি সদর উপজেলাধীন নাড়াইছড়ি ভিটেপাড়া এলাকা থেকে বন বিভাগের একটি বিশেষ টহল দল বানরটিকে উদ্ধার করে। পরে বানরটি কাপ্তাই রেঞ্জে হস্তান্তরের পর এটি বনে অবমুক্ত করা হয়।
.png)
উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় রয়েছে এই বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের লজ্জাবতী বানর। এর আগেও কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে বেশ কয়েকটি লজ্জাবতী বানর এবং অজগরসহ বিভিন্ন বণ্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!