ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে রেমালের তাণ্ডব: হরিণসহ ৫৬ মৃত প্রাণী উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ৩০ মে ২০২৪
সুন্দরবনে রেমালের তাণ্ডব: হরিণসহ ৫৬ মৃত প্রাণী উদ্ধার
ছবি: সংগৃহীত

উপকূলীয় এলাকায় রেমালের তাণ্ডবের পর গত ৫ দিনে সুন্দরবন থেকে হরিণসহ ৫৬টি মৃত প্রাণী উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৪টি হরিণ ও ২টি শূকর। মৃত বন্য প্রাণীগুলোকে কটকা অভয়ারণ্য এলাকায় মাটিচাপা দেওয়া হয়েছে। এই সময় ভেসে যাওয়া ১৭টি আহত হরিণ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উচ্চ জোয়ারের পানি সুন্দরবনের গহিনে চলে যাওয়ায় হরিণগুলো ভেসে গিয়ে সাঁতরে কূলে উঠতে পারেনি। এ কারণে হরিণগুলো মারা যেতে পারে বলে ধারণা বন বিভাগের। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের দফায় দফায় উচ্চ জোয়ারে সুন্দরবনের সব নদী-খাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই জোয়ারের উচ্চতা ছিল ১০ থেকে ১২ ফুট।

Advertisement

বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের মতো সুন্দরবনের বন্য প্রাণীরাও প্রকৃতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয়। পানি তাদের কাছে নতুন কিছু নয়। তারা নিয়মিত দিনে দুবার জোয়ার–ভাটা দেখে অভ্যস্ত। এ ছাড়া অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা কটালের সময় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পানি থাকে। দুর্যোগের সময় যখন তীব্র ঝড় ও পানির উচ্চতা অনেক বেশি হয়, তখন হয়তো তাদের টিকে থাকা অনেক কষ্টকর, তবু তারা বছরের পর বছর সিডর, আইলা, বুলবুল, আম্পান, ইয়াস, মোখা, নার্গিস, রেমালসহ বহু প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। শুধু দরকার সুন্দরবনের সুরক্ষা। তাহলেই যে অপূরণীয় ক্ষতি হয়েছে, শিগগিরই উদ্ভিদ ও প্রাণীরা কাটিয়ে উঠতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!